ঢাকা, ৬ আগস্ট (হি. স.) : দীর্ঘ ৬ বছর পর বন্দিদশা থেকে মুক্তি পেলেন বিএনপি নেত্রী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সূত্রের খবর , মুক্ত খালেদা জিয়া। দুর্নীতি সহ একাধিক অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। হাসিনা দেশত্যাগ করতেই খালেদার মুক্তির নির্দেশ দেন বাংলাদেশের প্রেসিডেন্ট মহম্মদ সাহাবউদ্দিন। পাশাপাশি সমস্ত বন্দি আন্দোলনকারীদের মুক্তির নির্দেশ দেন তিনি। রাষ্ট্রপতির নির্দেশ কার্যকর হল মঙ্গলবার দুপুরে।
ছাড়া পেলেন খালেদা জিয়া। দুর্নীতির দায়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে জেলে গিয়েছিলেন খালেদা জিয়া। তাঁর সাজা হয়েছিল ১৭ বছরের। ২০২০ থেকে গুলশনের বাড়িতে শর্তসাপেক্ষ বন্দী ছিলেন তিনি। সোমবার শেখ হাসিনা দেশত্যাগের পরেই পতন হয় তাঁর সরকারের। সেদিন রাতেই খালেদার মুক্তির কথা ঘোষণা করা হয়।
সোমবার দেশ ছেড়েছেন শেখ হাসিনা। কিন্তু তারপরেও বাংলাদেশ জুড়ে ধরা পড়েছে অশান্তির ছবি। সরকারি ভবনে আগুন জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে একাধিক জায়গায় গণহত্যা চলেছে। যশোরে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে ১৪ জনকে। মঙ্গলবার সকালে রাজশাহীর নগর ভবন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। কর্মীরা কাজে আসলেও ভেতরে গিয়ে কাজ করার মত অবস্থা নেই।
সোমবার সন্ধে নাগাদ সিটি কর্পোরেশন ভবনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ঢাকা সহ একাধিক জেলায় রাতভর চলেছে গুলি, চলেছে সংঘর্ষ। শুধু সোমবারেই সারাদিনে ১৩৫ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজার বাড়িতে।

