দুর্গাপুর, ৬ জুন (হি. স.):ইসিএলের আবাসন থেকে উদ্ধার হল এক বৃদ্ধের পচাগলা মৃতদেহ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে অন্ডালের বাবুইশোল কলোনি এলাকায়। মৃতের নাম অমল চ্যাটার্জী(৭৪)। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে আবাসনের ভিতর থেকে দুর্গন্ধ পায় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দরজা খুলে দেখা যায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে অমল বাবুর মৃতদেহ। স্থানীয় বাসিন্দারা জানান, অমলবাবু আগে কয়লা খনিতে কাজ করতেন। ১৫ বছর আগে অবসর গ্রহণ করেন। আবাসনে তিনি একাই থাকতেন। অন্ডাল মোড়ে, অমল বাবুর একটি বাড়ি রয়েছে, সেই বাড়িতে স্ত্রী, ছেলে ও বৌমা থাকেন। স্বামীর মৃত্যুর খবর শুনে ছুটে আসেন অমল বাবুর স্ত্রী ভারতী দেবী। জানা গেছে, বুধবার সকালে তিনি কলোনির একটি দোকানে চা খেতে গিয়েছিলেন। তারপর তাকে আর কেউ দেখেনি। পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



















