মাথাভাঙা, ৪ এপ্রিল (হি. স.): উত্তরবঙ্গে জোরকদমে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার জেলার মাথাভাঙার সভা থেকে নাম না করে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে আক্রমণ করলেন তিনি।
মমতা বলেন, ‘আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমার দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলে ও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়। ৪-৫ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। ক’দিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। উদয়ন গুহর গাড়িতে অ্যাটাক হয়েছিল।’
নিশীথকে নিশানা করে মমতা এও বলেন, “দেশের লজ্জা, দেশের কলঙ্ক।” মমতার কথায়, নিশীথ মন্ত্রী হয়ে শুধুই রাজার মতো থাকছে আর নিজের উন্নয়ন করছে। কোচবিহারের কোনও উন্নয়ন হচ্ছে না বলে কটাক্ষ করেছেন তিনি।



















