শান্তিপুর, ৩ মার্চ (হি.স.): শান্তিপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদারের কনভয়ের একটি গাড়ি। ঘটনায় মাথায় আঘাত লেগেছে তাঁর। সুকান্তের দেহরক্ষীরাও চোট পেয়েছেন। শান্তিপুরে যাওয়ার পথে ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটেছে। আইসি রানাঘাট জানিয়েছেন, ধুবুলিয়ায় বাবলা বাইপাসের কাছে হয়েছে এই ঘটনা।
রবিবার বিকেলে ধুবুলিয়ায় একটি ফুটবল টুর্নামেন্ট থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে সুকান্তের কনভয়। কনভয়ের সামনে ছিল একটি বাস। সেই বাসটিকে পাশ কাটিয়ে এগনোর চেষ্টা করছিল কনভয়ের গাড়ি। সেখানে সামনে ছিল পুলিশের একটি ব্যারিকেড। সেখানেই ধাক্কা খায় কনভয়ের সামনে থাকা গাড়িটি। তার পর তাতে ধাক্কা দেয় পিছনের গাড়ি। এ ভাবে পর পর কনভয়ের গাড়িগুলি সামনের গাড়িতে ধাক্কা দেয়। তাতে আহত হন সুকান্ত। তাঁর দেহরক্ষীদের চোট গুরুতর।



















