নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.): আসন্ন লোকসভা ভোটের আগে নিজ দল বিজেপির জন্য অনুদান চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তা-ই নয়, তিনি নিজে কত টাকা অনুদান দিয়েছেন সেটাও জানান প্রধানমন্ত্রী। সেই সঙ্গে এও বলেন কেন অনুদান চাইছেন তিনি। তাঁর দাবি, ‘বিকশিত ভারত’ গড়ে তোলার জন্য বিজেপি দলের উদ্যোগকে শক্তিশালী করতেই গোটা দেশের মানুষের এগিয়ে আসা উচিত।
রবিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে বিজেপিতে ‘অনুদান’ দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী মোদী। তিনি লেখেন, ‘‘বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমাদের প্রচেষ্টাকে শক্তিশালী করতে বিজেপিতে আমার অবদান রাখতে পেরে আমি খুবই আনন্দিত।’’ এখানেই থেমে থাকেননি মোদী। এর পরই দেশবাসীর কাছে আর্জি জানান, যাতে সকলে ‘নমো’ অ্যাপের মাধ্যমে ‘দেশ গঠনের কাজে’ সাহায্য করেন। প্রধানমন্ত্রী এও জানান তিনি কত টাকা দিয়েছেন। বিজেপির হয়ে ২০০০ টাকা অনুদান দেন মোদী।



















