উ ২৪পরগনা, ৩ মার্চ (হি.স): এক দশক ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বনগাঁ ব্লকের গোপালনগর এর শনেকপুর স্টেশন পাড়া থেকে পাল্লা যাওয়ার ৩ কিলোমিটার রাস্তা। গোপালনগর স্টেশন , চাঁদপাড়া, গাইঘাটা, পাল্লা যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এটি। দৈনন্দিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। রাস্তায় চলাচলের সময় অতীতে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। তবুও হুস ফেরেনি প্রশাসনের। একাধিকবার প্রশাসনের কাছে দরবার করেই সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বেহাল রাস্তা নিয়ে রীতিমত ক্ষোভ ফুঁসছে বাসিন্দারা।
স্থানীয়রা জানিয়েছেন, এক দশক ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। একাধিকবার প্রশাসনের কাছে দরবার করেই দুর্ভোগ কাটছে না গ্রামবাসীদের। বর্ষাকালে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয় এলাকার মানুষের। বহুবার দুর্ঘটনা ও ঘটেছে রাস্তায় চলাচলের সময়। তবুও কোন হুস নেই প্রশাসনের।
স্থানীয় পঞ্চায়েতের উপ প্রধান তথা তৃণমূল নেতা দিব্যেন্দু বিশ্বাস বলেন, রাস্তা নিয়ে মানুষের সমস্যা হচ্ছে এটা সঠিক। ইতিমধ্যেই দুটি রাস্তার টেন্ডার হয়েছে এ রাস্তার কাজও নির্বাচনের আগে বা পরে শুরু হয়ে যাবে।



















