আগরতলা, ২ ফেব্রুয়ারি: ত্রিপুরার আবহাওয়ায় নাটকীয় পরিবর্তন দেখা যাচ্ছে। মাঘ মাস শেষ না হতেই উধাও শীতের আমেজ। জানুয়ারি মাসের শেষের দিক দিয়ে রাজ্যের আবহাওয়ার আমূল পরিবর্তন হয়েছে। গত দুই দিন যাবৎ ত্রিপুরার অধিকাংশ জায়গায় হাল্কা ও মাঝারি বৃষ্টিপাতে শীতের আমেজে ভাটা পড়েছে।
প্রসঙ্গত, আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দুপুর গড়াতেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
মৌসম বিভাগ জানিয়েছে, গতকাল থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত আগরতলায় ০.২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসম বিভাগ সাথে আরও জানিয়েছে, গত ২৪ ঘন্টায় পশ্চিম, সিপাহীজলা, ধলাই, গোমতী ও দক্ষিন ত্রিপুরা জেলায় হাল্কা বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। কৈলাসহরে সর্বোচ্চ তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম তাপমাত্রা ১৫.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মৌসম বিভাগ আরও জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় ত্রিপুরার অধিকাংশ জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।



















