নয়াদিল্লি ও মুম্বই, ৭ জুলাই (হি.স.): বাংলাদেশের অনুরোধ মেনে বিতর্কিত ইসলামিক ধর্মপ্রচারক জ়াকির নায়েকের বক্তব্য খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা | সেখানে আপত্তিকর কোনও মন্তব্য থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে| বৃহস্পতিবার একথা জানিয়ে দিয়েছে দিল্লি| গতকালই জ়াকির নায়েকের বক্তব্য তদন্ত করে দেখার আর্জি জানিয়েছিল বাংলাদেশ সরকার| এরপরই এই সিদ্ধান্ত নেয় কেন্দ্র|
স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, জ়াকির নায়েকের বিরুদ্ধে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা এখনই বলার সময় আসেনি| পুরো বিষয়টি দেশের গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখছে| একই সুর তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুরও| তিনি বলেন, সরকার সবদিক খতিয়ে দেখছে|
এদিকে, জ়াকির নায়েক ও তার সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে শিবসেনা| দলের নেতা অরবিন্দ সাওয়ন্ত জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হয়েছে| দেশের স্বার্থেই জ়াকির নায়েক ও তার সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করা প্রয়োজন|
উল্লেখ্য, বিতর্কিত ইসলামিক ধর্মপ্রচারককে ইতিমধ্যেই ব্রিটেন ও ক্যানাডায় নিষিদ্ধ করা হয়েছে| এমনকী মালয়েশিয়ার ১৬ জন নিষিদ্ধ স্কলারের মধ্যে জ়াকির নায়েকও রয়েছেন|


















