নদিয়া, ১১ আগস্ট (হি স)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করলেন তাঁর এলাকার ছাত্রছাত্রী ও প্রতিবেশীরা। শুক্রবার নদিয়ার রাস্তায় দফায় দফায় চলে এই রাস্তা অবরোধ।
এই ঘটনায় গোটা রাজ্যজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে৷ ক্ষোভে ফুঁসছে স্বপ্নদ্বীপের এলাকা নদিয়া৷ তাঁর মৃত্যুর প্রতিবাদে শুক্রবার বেলা ১১ টায় বগুলা স্কুলের ছাত্রছাত্রী এবং পাড়া-প্রতিবেশী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে পথে নামেন৷ বগুলা কলেজ থেকে বগুলা হাইস্কুল পর্যন্ত তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর জন্য যাঁরা দায়ী, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তাঁরা ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর বাড়ি নদিয়ার বগুলায়৷ বুধবার বেশি রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের ছাদ থেকে পড়ে যান। বৃহস্পতিবার সাতসকালে মৃত্যু হয় তাঁর।
তাঁর মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা তিনি আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে, তার তদন্ত করছে পুলিশ৷ এরই মধ্যে মাথাচাড়া দিয়েছে ব়্যাগিং-এর অভিযোগ৷
স্বপ্নদীপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ব়্যাগিং সংস্কৃতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ৷ স্বপ্নদীপের মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন প্রাক্তন পড়ুয়া ব়্যাগিং-এর বিরুদ্ধে মুখ খুলেছেন।

