তামিলনাড়ু, ১৯ জুন (হি. স.) : তামিলনাড়ুর কুদ্দালোর জেলার পট্টমবক্কাম এলাকায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৪ জনের। আহত হয়েছেন অন্তত ৭০ জন। সোমবার ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি বাসের টায়ার ফেটে গিয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা বেসরকারি বাসে ধাক্কা মারে। যার জেরেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কুড্ডালোর-পানরুটি রুটের দুটি বাস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে। নিহত এবং আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। জানা গিয়েছে, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।

