পটনায় বির‌োধী বৈঠক ডাকতে নীতিশকে আর্জি মমতার

কলকাতা, ২৪ এপ্রিল (হি. স.) : প্রয়াত জয়প্রকাশ নারায়ণের প্রসঙ্গ উল্লেখ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেন, “নীতীশজিকে অনুরোধ করছি, আপনি পটনায় একটা বিরোধী বৈঠক ডাকুন।”

বিরোধী জোটের নেতা হিসাবে কাউকে মেনে নিতে তাঁর যে আপত্তি নেই, সে ইঙ্গিত দিয়ে মমতা এ দিন বলেন, “আমাদের মধ্যে কোনও ইগো নেই। আমরা সবাই এক।” একই সঙ্গে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “বিজেপি হিরো হয়ে গিয়েছে, জ়িরো হয়ে যাবে।” পাঠ্যসূচি পরিবর্তন- সহ একাধিক বিষয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন নীতীশও।

আগামী বছরের লোকসভা নির্বাচন। তার আগে বিরোধী জোট গঠনের প্রস্তুতি হিসাবে নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর সঙ্গে ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবও। বৈঠক শেষে মমতা এবং নীতীশবাবু দু’জনেই বিরোধী ঐক্য আরও জোরদার করার ডাক দেন। সংবাদমাধ্যমের সামনে মমতা সরাসরি নীতীশবাবুকে বিরোধীদের নিয়ে বৈঠক ডাকার প্রস্তাব দেন।

বিরোধীরা যে এক ছাতার তলায় আসতে প্রাথমিক কথাবার্তা শুরু করে দিয়েছে, সেই ইঙ্গিত দিয়ে বিহারের মুখ্যমন্ত্রী, প্রবীণ জেডি(ইউ) নেতা বলেন, “আমাদের মধ্যে কথাবার্তা হয়েই থাকে। আর অনেক দিন পর এখানে আসার সুযোগ হল।” বৈঠককে ‘ইতিবাচক’ বলে বর্ণনা করেন তিনি।