ইউ: ফ্রেন্ডস-২২৭/৩
বি সি সি-৯৯/৩
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল।।জয়ের ধারা অব্যহত রাখলো ইউনাটেড ফ্রেন্ডস। মঙ্গলবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডি এল এস পদ্ধতিতে ৩২ রানে বি সি সি-কে পরাজিত করলো ইউনাটেড ফ্রেন্ডস। তবে যে পাহাড় সমান রান গড়েছিলো ইউনাটেড ফ্রেন্ডস তাতে জয় এমনিতেই নিশ্চিত ছিলো। এম বি বি স্টেডিয়ামে ইউনাটেড ফ্রেন্ডসের ২২৭ রানের জবাবে ১১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৯ রান করেছিলো বি সি সি। এরপরই শুরু হয় বৃষ্টি। শেষ পর্যন্ত ডি এল এস পদ্ধতিতে ম্যাচের নিষ্পত্তি হয়। ১১.৩ ওভারে ইউনাটেড ফ্রেন্ডসের স্কোর ছিলো ১৩১। ওই জায়গায় বি সি সি-র স্কোর হয় ৯৯। ফলে ৩২ রানে জয় পায় ইউনাটেড ফ্রেন্ডস। টানা দুই ম্যাচে জয়লাভ করে যুগ্মভাবে গ্রুপের শীর্ষে জেসিসি-র সঙ্গে থাকলেও রান রেটের নিরিখে ইউনাটেড ফ্রেন্ডস শীর্ষে রয়েছে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্রিকেটে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ইউনাটেড ফ্রেন্ডস নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে বিশাল ২২৭ রান করে। দলকে পাহাড় সমান রানে পৌঁছাতে বড় ভূমিকা নেন ভিনরাজ্যের ক্রিকেটার দীপক ক্ষত্রী। বি সি সি-র বোলারদের কার্যত শাসন করে আসরে ব্যাক্তিগত সর্বোচ্চ রান করেন। দীপক ৭০ বল খেলে ১৭ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪২ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে দলনায়ক রজত দে ২৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং উদীয়ন বসু ২২ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন। জবাবে খেলতে নেমে বৃষ্টি নামার আগে পর্যন্ত ১১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৯ রান করে বি সি সি। দলের পক্ষে বাবুল দে ২৮ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০,রিয়াজ উদ্দিন ১৯ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ এবং সাগর শর্মা ১৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে শুভম ঘোষ (২/১৪) সফল বোলার।



















