ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ।। কুশল স্মৃতি ওপেন টেনিসে ওড়িশার জয়জয়কার। অনূর্ধ্ব ১৬ বিভাগে ত্রিপুরার তুইজিলাং চ্যাম্পিয়ন হয়েছে। মালঞ্চ নিবাসস্থিত রাজ্য টেনিস কমপ্লেক্সে সিন্থেটিক কোর্টে অনুষ্ঠিত ১৯তম কুশল ওপেন টেনিস টুর্নামেন্টে ওডিশা দল পুরুষ ওপেন ডাবলসে নতুন চ্যাম্পিয়ন হিসাবে আবির্ভূত হয়েছে। বৃষ্টির বাধার কারণে বিলম্বিত মেনস ওপেন ডাবলসের রুদ্ধশ্বাস ফাইনালে ওড়িশার চিন্ময় প্রধান এবং অমৃতজয় মোহান্তি জুটি চ্যাম্পিয়ন হয়েছে। অবিনাংশু বড়ঠাকুর এবং বাংলার মোঃ ফারদিনকে ৭-৬-এ কঠিন লড়াইয়ে ছাড়িয়ে যেতে সক্ষম হয়। যদিও মিক্সড ডাবলসের ফাইনালে বাংলা ৬-১ সেটে ওড়িশাকে হারিয়ে মোক্ষম জবাব দিয়েছে। টুর্নামেন্টে বাংলার প্রতিনিধিত্ব করেছিলেন অভিনাংশু বড়ঠাকুর, অমৃতা ওহেদার এবং শিরিন আহমেদ। তিন দিনের অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন অনুমোদিত চ্যাম্পিয়নশিপ সিরিজে, ত্রিপুরার খেলোয়াড় তুইজিলাং দেববর্মা বয়েজ সিঙ্গলস অনূর্ধ্ব ১৬ শিরোপা জিতে নিয়েছে। তুইজিলাং ফাইনাল ম্যাচে ওডিশার আহান মিশ্রকে ৬-০ ও ৬-০ সেটে হোয়াইটওয়াশ করেছেন। মেয়েদের সিঙ্গেলস অনূর্ধ্ব ১৬ বিভাগে, বাংলার সারাহ লুইস গোমেস রাজ্যের সাথী প্রতিষ্ঠা রায়কে ৬-০ ও ৬-১ এ পরাজিত করেছেন। রাজ্য টেনিস কমপ্লেক্স, মালঞ্চা নিবাসে আজ বিকেল ৪:০০ টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, সিআরপিএফ ডিআইজি বিজয় কুমার, টুর্নামেন্ট ডিরেক্টর রুচির জৈন, রাজ্য টেনিস সংস্থার সভাপতি বিধান রায় প্রমূখ। রাজ্য টেনিস সংস্থার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। উল্লেখ্য, মেন সিঙ্গেলস বিভাগের ফাইনাল ম্যাচ বৃষ্টির জন্য আজ অনুষ্ঠিত হয়নি। আগামীকাল সকাল সাতটায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে ত্রিপুরা টেনিস সংস্থার সচিব সুজিত রায় এক বিবৃতিতে জানিয়েছেন।
2023-03-19

