মালদা, ১১ মার্চ (হি. স.) : মালদায় এক ডাক্তারি পড়ুয়ার দেহে মিলল করোনা ভাইরাসের সংক্রমণ। যা ঘিরে ফের আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে ওই পড়ুয়াকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। চিকিৎসা শুরু হয়েছে তাঁর।
ডাক্তারি ছাত্রের করোনা আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে নিয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের তরফে জানানো হয়েছে ওই পড়ুয়াকে নিভৃতবাসে রাখা হয়েছে। তাঁর মৃদু উপসর্গ রয়েছে। পাশাপাশি মালদা মেডিকেল কলেজের যে হস্টেলে ওই ছাত্র থাকত, সেই হস্টেলকে স্যানিটাইজ করা হয়েছে বলে জানানো হয়েছে। মালদা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ওই কোভিড আক্রান্ত পড়ুয়া সম্প্রতি বাড়ি থেকে ফিরেছে। তার পর হাসপাতালেই করোনা ধরা পড়ে তার। তার চিকিৎসার পাশাপাশি হাসপাতালের অন্যান্য পড়ুয়াদের উপরও নজর রাখা হচ্ছে। কারোর দেহে কোনও উপসর্গ দেখা দিচ্ছে কি না সেদিকে কড়া নজর রাখছে কর্তৃপক্ষ।

