সুপার ডিভিশন : ফিরতি লিগেও সংহতিকে হারিয়ে শতদল জয়ী

সংহতি:- ১৯৮/৯(৪১.২)

শতদল:- ২০৩/৭(৩৪.৪)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ।। সংহতির প্রয়াস ব্যর্থ হলো আজও। ফিরতি লিগে পরপর তিন ম্যাচে হেরে সংহতি সুপার ডিভিশনে অনেকটাই পিছিয়ে পড়েছে। প্রথম লীগের মতোই শতদল সংঘের কাছে আজও হারতে হয়েছে সংহতিকে। প্রথম লীগে ২৬৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত হলেও আজ তিন উইকেটে পরাজয়, সংহতির স্ট্যাটাসে কিছুটা উন্নতি হয়েছে। বৃহস্পতিবার খেলা ছিল এমবিবি স্টেডিয়ামে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে সংহতি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। পঞ্চাশ ওভারের সীমিত ম্যাচে সংহতি ৪১.২ ওভার খেলে নয় উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সঞ্জয় মজুমদারের ৬৫ রান এবং ওপেনার অর্কপ্রভ সিনহার ৫৭ রান উল্লেখযোগ্য। এছাড়া, অমিত আলীর ৪৪ রানও উল্লেখ করার মতো। শতদল সংঘের কৃষাণ মুরাসিং ১৮ রানের বিনিময়ে তিনটি উইকেট পেয়েছে। এছাড়া, সাধব খান দুটি এবং বিজয় রায়, জয়দীপ দেব ও ভিকি সাহা প্রত্যেককে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে শতদল সংঘ বিশেষ করে প্রারম্ভিক ব্যাটার্স পবন চান্দেল, ভিকি সাহা ও অধিনায়ক সম্রাট সিংহের সম্মিলিত ব্যাটিংয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছায়। ৩৪.৪ ওভার খেলে শতদল সংঘ সাত উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। সম্রাট ৫৫ বল খেলে ছয়টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫১ রান পায়। এছাড়া, ওপেনার পবনের ৪১ রান এবং ভিকির ৩৭ রানও উল্লেখ করার মতো। সংহতির শাহরুখ হোসেন, প্রতীক সারগাড়ে ও অমিত আলী দুটি করে এবং অধিনায়ক নিরুপম সেন চৌধুরী একটি উইকেট পেয়েছে। বিজয়ী দলের সাধব খান পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।