রাহুলের ভারত জোড়ো যাত্রায় নিরাপত্তায় গলদ! জম্মু-কাশ্মীর প্রশাসনের বিরুদ্ধে তোপ কংগ্রেসের

অনন্তনাগ, ২৭ জানুয়ারি (হি.স.): ভারত জোড়ো যাত্রা চলাকালীন, রাহুল গান্ধীর আশেপাশে থেকে নিরাপত্তা কর্মী প্রত্যাহার করার অভিযোগ করেছে কংগ্রেস। এ জন্য জম্মু ও কাশ্মীর প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের দাবি, ভারত জোড়ো যাত্রা যখন জম্মু ও কাশ্মীরের কাজিগুন্দের কাছে পৌঁছয়, তখন কোনও নিরাপত্তা কর্মী ছিলেন না। নিরাপত্তা লঙ্ঘনের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস।

জম্মু ও কাশ্মীর এবং লাদাখে কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা রজনী পাটিল টুইট করে লিখেছেন, “জম্মু ও কাশ্মীর প্রশাসন রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রায় নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে৷” কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল বলেছেন, “সংশ্লিষ্ট এজেন্সিগুলির দেওয়া নিরাপত্তায় ত্রুটি ছিল। ১৫ মিনিট ধরে ভারত জোড়ো যাত্রার সঙ্গে কোনও নিরাপত্তা ছিল না। রাহুল গান্ধী এবং অন্যান্যরা নিরাপত্তা ছাড়া হাঁটতে পারে না।”

এদিন জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সাংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধী বলেছেন, “পুলিশের ভিড় সামলানো দরকার, যাতে আমরা যাত্রা করতে পারি। পুলিশি বন্দোবস্ত পুরোপুরি ভেঙে পড়েছে এবং ভিড় সামলানোর জন্য মোতায়েন পুলিশকে কোথাও দেখা যায়নি। তাই আমাকে আমার যাত্রা বাতিল করতে হয়েছিল।”