নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শনিবার মেডিকেল অফিসারের অফিস কক্ষে রক্তদান শিবির সংঘটিত হয়৷ শিবিরে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্তরের অফিসার ও কর্মীরা রক্তদান করেন৷ নির্বাচনী ঘনঘটা শুরু হতেই রাজ্যের ব্লাড ব্যাংক খুলিতে রক্তের সংকট চরম থেকে চরমতর আকার ধারণ করতে শুরু করেছে৷ রাজনৈতিক ঢামা ঢোলের মধ্যে অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন৷ ফলে রক্তদানে এগিয়ে আসার প্রবণতা অনেকটাই কমে গেছে৷ তাতে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের মজুদ ক্রমশ হ্রাস পাচ্ছে৷ রক্তের অভাবে চিকিৎসা পরিষেবায় বিঘ্ন ঘটার যথেষ্ট আশঙ্কা থাকে৷ সেই আশঙ্কার কথা মাথায় রেখে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে শনিবার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ স্বাস্থ্য অধিকর্তা রাধা দেববর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন৷ রক্তদান শিবিরের প্রাসঙ্গিকতার কথা বলতে গিয়ে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা রাধা দেববর্মা বলেন রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের মজুদ সন্তোষজনক নয়৷ ইদানিংকালে রক্তদান শিবিরের পরিমাণ কমে গেছে৷ এসব কথা বিবেচনা করেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ এ ধরনের রক্তদান শিবিরের মধ্য দিয়ে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের মজুদ সন্তোষজনক করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ আজ যারা রক্তদান করতে এগিয়ে আসতে পারেননি তাদেরকে পরবর্তী সময়ে অনুষ্ঠিত রক্তদান শিবিরে এগিয়ে এসে রক্ত দান করার জন্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সকল স্তরের অফিসার ও কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ পাশাপাশি অন্যান্য সামাজিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা সহ সকল স্তরের জনগণকে রক্তদান শিবিরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন৷
2023-01-21

