পটনা, ১৩ জানুয়ারি (হি.স.) : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সমাজতান্ত্রিক নেতা শরদ যাদবের মৃত্যুতে বিহার সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সংক্রান্ত চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ সচিবালয় বিভাগ। চিঠি পাঠানো হয়েছে অতিরিক্ত মুখ্য সচিব, মুখ্য সচিব, সচিব, বিভাগীয় কমিশনার এবং সব দফতরের জেলা আধিকারিকদের কাছে।
মন্ত্রিপরিষদ সচিবালয় বিভাগের পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সমাজতান্ত্রিক নেতা শরদ যাদব ১২ জানুয়ারি মারা গেছেন। তাঁর সম্মানে ১৩ জানুয়ারি রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সময়ের মধ্যে রাজ্য জুড়ে যে সমস্ত ভবনগুলিতে নিয়মিত জাতীয় পতাকা ওড়ানো হয় সেগুলি অর্ধনমিত হবে। এই সময়ের মধ্যে রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে না।
উল্লেখ্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সমাজতান্ত্রিক নেতা শরদ যাদব বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে মারা যান। তিনি অটল বিহারীর সরকারে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। দীর্ঘদিন জেডিইউর জাতীয় সভাপতিও ছিলেন তিনি। লালু যাদব এবং নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রীর চেয়ারে পৌঁছানোর ক্ষেত্রে শরদ যাদবের গুরুত্বপূর্ণ অবদান ছিল। যদিও পরবর্তী সময়ে নীতীশ কুমারের সঙ্গে তার বিরোধ হয়।

