নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): শ্রদ্ধা ওয়ালকার খুনের মামলায় অভিযুক্ত আফতাব পুণাওয়ালাকে আরও ৪ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠাল দিল্লির সাকেত আদালত। শ্রদ্ধা ওয়ালকার হত্যা মামলায় অভিযুক্ত আফতাবকে মঙ্গলবার বিশেষ শুনানিতে আদালতে পেশ করা হয়। এদিন নিজের দোষ কবুল করেছে আফতাব। আদালতে সে স্বীকার করেছে, ‘আচমকা রাগের মাথায় মেরে ফেলেছি।’ এরপর আফতাবকে আরও ৪ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক।
এদিন শুনানির সময় আফতাব আদালতে জানায়, রাগের মাথায় শ্রদ্ধাকে খুন করেছে সে। সে আদালতে আরও জানায়, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছে। ঘটনাটি স্মরণ করতে তার অসুবিধাও হচ্ছে। ইতিমধ্যেই শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ড ঘিরে জোরকদমে চলেছে পুলিশি তদন্ত। একের পর এক নয়া তথ্য প্রকাশ্যে আসছে পুলিশের সামনে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শ্রদ্ধাকে খুনের দায়ে অভিযুক্ত আফতাব আমিন পুণাওয়ালাকে। সম্প্রতি দক্ষিণ দিল্লির মেহরৌলীর জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে মৃতদেহের খুলির একাংশ, কাটা কব্জি, হাঁটুর অংশ। তবে, দেহের এই অংশগুলি শ্রদ্ধার কি না, তা এখনও প্রমাণিত হয়নি।
প্রসঙ্গত, শ্রদ্ধাকে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে মেহরৌলীর জঙ্গলে ছড়িয়ে দিয়ে এসেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন আফতাব। দিল্লি পুলিশ তাঁর সেই স্বীকারোক্তির উপর ভিত্তি করে ইতিমধ্যে সংশ্লিষ্ট জঙ্গলে তিন বার তল্লাশি চালিয়েছে। আফতাবকে নিয়ে গিয়েও চলেছে শ্রদ্ধার দেহাংশের অনুসন্ধান।

