শ্রীনগর, ১০ অক্টোবর (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। এবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় এনকাউন্টারে নিকেশ হয়েছে দুই সন্ত্রাসবাদী। অনন্তনাগ জেলার তাংপাওয়া এলাকায় সারারাত গুলির লড়াইয়ের পর সোমবার সকালে কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এনকাউন্টারে দুই জঙ্গির মৃত্যু হয়েছে।
সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে জানতে পাড়ার পর রবিবার রাত থেকে অনন্তনাগ জেলার তাংপাওয়া এলাকায় যৌথ অভিযান চালায় সেনাবাহিনী, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশ। জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে তাই রাতের অন্ধকারের মধ্যেও গোটা এলাকা ঘিরে রাখা হয়। সারারাত গুলির লড়াই চলে। সোমবার সকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনন্তনাগ জেলার তাংপাওয়া এলাকায় এনকাউন্টারে নিকেশ হয়েছে দুই জঙ্গি। নিহত সন্ত্রাসবাদীরা কোন জঙ্গি সংগঠনের সদস্য ছিল তা জানা যায়নি।

