PM Modi : ১৪ জুন মহারাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১২ জুন ( হি. স.) : আগামী ১৪ জুন একদিনের সফরে মহারাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পুনেতে জগৎগুরু শ্রীশান্ত তুকারাম মহারাজ মন্দির এবং মুম্বইয়ে জলভূষণ ভবন এবং বিপ্লবী গ্যালারির উদ্বোধন করবেন। এছাড়াও তিনি গুজরাটি দৈনিক ‘মুম্বই সমাচার’-এর ২০০তম বার্ষিকী উদযাপনে অংশ নেবেন।

রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদী ১৪ জুন মহারাষ্ট্র সফর করবেন। দুপুর ১টা ৪৫ মিনিটে পুনের দেহুর জগৎগুরু শ্রীশান্ত তুকারাম মহারাজ মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল সোয়া ৪টার দিকে মুম্বইয়ের রাজভবনে জলভূষণ ভবন এবং গ্যালারি অফ রেভল্যুশনারির উদ্বোধন করবেন। এরপর সন্ধ্যা ৬টা নাগাদ প্রধানমন্ত্রী মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে মুম্বই সমাচারের দ্বিশতবর্ষ উৎসবে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী পুনের দেহুতে জগৎগুরু শ্রীশান্ত তুকারাম মহারাজ মন্দিরের উদ্বোধন করবেন। সন্ত তুকারাম ছিলেন একজন বারকারী (তীর্থযাত্রী) সাধক ও কবি। তিনি দেহুতে থাকতেন। তাঁর মৃত্যুর পর একটি শিলা মন্দির তৈরি করা হয়েছিল।