নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে উৎসবের মেজাজে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ রবিবার আগরতলায় নেতাজি চৌমুহনী সংলগ্ণ এলাকায় বিজেপির নির্বাচনী অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আগামী ২৩ জুন রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন৷ উপ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার আহ্বান জানিয়েছেন বিজেপির সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ এদিন নেতাজি চৌমুহনী এলাকায় বিজেপির নির্বাচনী অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন ,কোন উৎসব হলে মানুষ যেভাবে আনন্দে মেতে ওঠে ভোট পর্বে সেই আনন্দে মেতে উঠবেন গণদেবতারা৷ তিনি বলেন উৎসব সবসময়ই শান্তিপূর্ণ হয়৷ বিগত সরকারের আমলের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন সেই আমলে অনেক ঝামেলা পরিলক্ষিত হয়েছে৷ পূর্বের মত অশান্তির বাতাবরণ আমরা চাই না৷ ভোট উৎসবে যারা ঝামেলা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনি কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী বলেন পার্টির কর্মকর্তাসহ সকলকেই তিনি এসব বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন৷ শান্তিপূর্ণভাবে ভোট উৎসবে শামিল হওয়ার জন্য মুখ্যমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷ দলীয় নেতাকর্মী সমর্থকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন কেউ যদি উত্যক্ত করার চেষ্টা করে তাহলেও জিরো টলারেন্সে বজায় রাখতে হবে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট পর্ব অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার আহ্বান জানালেও বিরোধী দলগুলি ভোট পর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত করা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে৷ এখন দেখার বিষয়, মুখ্যমন্ত্রী ভোট পর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার যে আশ্বাস বাণী শুনিয়েছেন বাস্তবে সেই আশ্বাসবাণী কতটা বাস্তবায়িত হয়৷

Chief Minister : উপনির্বাচনে ঝামেলা বরদাস্ত করা হবে নাদলীয় কর্মীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
Tags:


















