প্যারিস, ৫ মে (হি.স.): ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার করল ভারত ও ফ্রান্স। একইসঙ্গে ইউক্রেনে নিরাপরাধ মানুষকে হত্যার নিন্দা করেছে উভয় দেশ। ইউক্রেনে অবিলম্বে ‘সংঘর্ষ বিরতির’ আহ্বান জানিয়েছে ভারত ও ফ্রান্স। ত্রিদেশীয় সফরের একেবারে শেষে, প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক নানা বিষয়ে উভয়ের মধ্যে কথা হয়েছে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার করেছে ভারত ও ফ্রান্স। পাশাপাশি ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি নিয়েও উভয় দেশ উদ্বেগ প্রকাশ করেছে। এমনকি আফগানিস্তানে মানবিক পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত ও ফ্রান্স। প্রতিরক্ষা সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক নিয়েও দুই নেতা আলোচনা করেছেন।
মোদী ও ইমানুয়েলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জানিয়েছেন, “ভারত ও ফ্রান্সের মধ্যে একটি শক্তিশালী প্রতিরক্ষা অংশীদারিত্ব রয়েছে, যা শুধুমাত্র বিভিন্ন প্ল্যাটফর্মে বাণিজ্যের দ্বারা সংজ্ঞায়িত করা হয় না… এটি আমাদের নিজস্ব অভ্যন্তরীণ নীতি ‘আত্মনির্ভরতা’-র সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ যা প্রতিরক্ষা ক্ষেত্রে দৃঢ়ভাবে প্রসারিত।”



















