সাম্বা (জম্মু ও কাশ্মীর), ২৪ এপ্রিল (হি.স.) : সাংবিধানিক সংস্কারের পরে কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীরের উন্নয়ন এবং গণতন্ত্র বিকাশ লাভ করছে। গণতন্ত্র হোক বা উন্নয়ন, জম্মু ও কাশ্মীর আজ একটি নতুন উদাহরণ স্থাপন করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিনের গুরুত্ব তুলে ধরেন।
সাম্বা জেলার পাল্লী পঞ্চায়েতীরাজ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসসহ বিরোধীদের নিশানা করে বলেন, জম্মু-কাশ্মীরের মানুষ কয়েক দশক ধরে উন্নয়নের থেকে শতহাত দূরে ছিলেন। বহু বছর জম্মু-কাশ্মীরে উন্নয়ন হয়নি। আজ আমি আপনাদের কাছে উন্নয়নের বার্তা নিয়ে এসেছি। ২০ হাজার কোটি টাকার এই প্রকল্পে জম্মু-কাশ্মীরের উন্নয়ন ত্বরান্বিত হবে। গণতন্ত্র হোক কিংবা উন্নয়ন, জম্মু-কাশ্মীর এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। গত ২-৩ বছরে এখানে উন্নয়নের নতুন দিগন্ত খুলেছে। এই উদ্যোগগুলি জম্মু ও কাশ্মীরের যুবকদের জন্য বিশাল কর্মসংস্থানের সুযোগ দেবে।রবিবার কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর প্রথমবার ভূ-স্বর্গে পা দিয়ে জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে ২০ হাজার কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাতলে ও কোয়ার জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। ৮৫০ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্পটি কিশতওয়ার জেলার চেনাব নদীর উপর প্রায় ৫৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে। ৫৪০ মেগাওয়াট কোয়ার জলবিদ্যুৎ প্রকল্পটি কিশতওয়ার জেলার চেনাব নদীর উপর ৪৫০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত হবে। দুটি প্রকল্পই এই অঞ্চলের বিদ্যুৎ চাহিদা মেটাতে সাহায্য করবে।এছাড়া ৩১০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত বানিহাল কাজীগুন্ড রোড টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ৮.৪৫ কিলোমিটার দীর্ঘ টানেলটি বানিহাল এবং কাজীগুন্ডের মধ্যে রাস্তার দূরত্ব ১৬ কিলোমিটার যাত্রার সময় প্রায় দেড় ঘন্টা কমিয়ে দেবে।
এদিন সকাল ১১টা ১৫ মিনিটে বায়ুসেনার বিশেষ বিমানে জম্মু বিমানবন্দর পৌঁছন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল-সহ উচ্চ আধিকারিক এবং বিজেপি নেতারা। সেখান থেকে তিনি চলে যান সাম্বায়।

