কংগ্রেসকে দুর্নীতির গঙ্গোত্রী বললেন বোম্মাই, পাল্টা তোপ শিবকুমারের

বেঙ্গালুরু, ১৪ এপ্রিল (হি.স.): কংগ্রেসকে দুর্নীতির গঙ্গোত্রী বললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই। ঠিকাদার সন্তোষ পাটিলের মৃত্যু নিয়ে কংগ্রেসের প্রতিবাদ করার কোনও নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেছেন বোম্মাই। পাল্টা কর্ণাটকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেবেছেন কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। বৃহস্পতিবার শিবকুমার বলেছেন, দুর্নীতিগ্রস্ত মন্ত্রীকে তিনি (বাসভরাজ বোম্মাই) বাঁচাতে চাইছেন।

উল্লেখ্য, ঠিকাদার সন্তোষ পাটিলের মৃত্যুর ঘটনায় কর্ণাটকের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত রাজ মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পার ইস্তফার দাবি জানিয়েছে কংগ্রেস। এ প্রসঙ্গে বৃহস্পতিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই বলেছেন, “কংগ্রেসের প্রতিবাদ করার কোনও নৈতিক অধিকার নেই। কংগ্রেস দুর্নীতির গঙ্গোত্রী। বুধবার পোস্টমর্টেম হয়েছে এবং এবার প্রাথমিক তদন্ত (রিপোর্ট) আসবে এবং তার ভিত্তিতেই আমরা এগোব।” ডি কে শিবকুমার এদিন বলেছেন, “তিনি (কর্নাটকের মুখ্যমন্ত্রী) দুর্নীতিগ্রস্ত মন্ত্রীকে বাঁচাতে চাইছেন। আমি মনে করি তিনিও এই পুরো প্রক্রিয়ার অংশ। তিনি যদি বিজেপি ও তাঁর সরকারের মুখ বাঁচাতে চান, তাহলে অবিলম্বে (কেএস ঈশ্বরাপ্পা) গ্রেফতার করুন এবং দুর্নীতির মামলা করুন।”