নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.): মেক ইন ইন্ডিয়া প্রকৃতপক্ষে ভারতের প্রয়োজন, একইসঙ্গে বিশ্বকে ভারতের সামর্থ্য ও ক্ষমতা প্রদর্শনের বড় সুযোগ। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে বাজেটোত্তর ‘মেক ইন ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক একটি ওয়েবিনারে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ওয়েবিনারে প্রধানমন্ত্রী বলেছেন, “এ বছরের বাজেটে আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার জন্য নেওয়া সিদ্ধান্তগুলি আমাদের ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” প্রধানমন্ত্রীর কথায়, “বর্তমানে ভারতকে একটি উৎপাদন শক্তি হিসাবে দেখছে বিশ্ব। আমাদের উৎপাদন সেক্টর জিডিপির প্রায় ১৫ শতাংশ, তবে মেক ইন ইন্ডিয়ার সঙ্গে অসীম সম্ভাবনা রয়েছে। আমাদের অবশ্যই দেশে একটি শক্তিশালী উৎপাদন ভীত তৈরির লক্ষ্যে কাজ করতে হবে-সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে।”
ওয়েবিনারে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “চিকিৎসা সরঞ্জামও ভারত আমদানি করছে। আমি বিশ্বাস করি, আমাদের দেশেই তা তৈরি করা যেতে পারে। আমাদের অবশ্যই দেশীয় বিকল্প প্রদান করতে হবে, যাঁরা ভারতের তৈরি পণ্য কিনতে গর্বিত বোধ করবেন। আমাদের দেশীয় পণ্যের ব্র্যান্ডিংয়েও ‘মেড ইন ইন্ডিয়া’ এবং ‘ভোকাল ফর লোকাল’ বৈশিষ্ট্যগুলিকে তুলে ধরতে হবে। এর ফলে আমাদের পণ্য বিক্রয় সহজতর হবে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “এই বাজেটে ক্রেডিট সুবিধা এবং প্রযুক্তি আপগ্রেডেশন-সহ এমএসএমই-কে শক্তিশালী করার জন্য বিশেষ জোর দেওয়া হয়েছে। সরকার এমএসএমই-র জন্য ৬ হাজার কোটি টাকার একটি নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কৃষক ও বড় শিল্পের জন্য নতুন রেলওয়ে লজিস্টিক পণ্যও তৈরি করা হবে।”



















