শ্রীনগর, ১৮ জানুয়ারি (হি.স.): জম্মুর সমতলে বৃষ্টি, তুষারপাতে ফের বরফের চাদরে ঢাকা কাশ্মীর ও লাদাখ। মঙ্গলবার জম্মুর সমতলে হালকা বৃষ্টি হয়েছে, একই সময়ে সামান্য তুষারপাত হয়েছে কাশ্মীর ও লাদাখে। আগামী ২৪ ঘন্টা এমনই আবহাওয়া থাকবে জম্মু, কাশ্মীর ও লাদাখে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মেঘলা থাকবে আকাশ। আগামী ২১ ও ২২ জানুয়ারিও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে দুই কেন্দ্রশাসিত অঞ্চলে। তবে, ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা নেই।
জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ফের বেড়েছে তাপমাত্রার পারদ। এদিন শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ০.৭ ডিগ্রি, গুলমার্গে মাইনাস ৬ ডিগ্রি, লাদাখের দ্রাসে মাইনাস ১৬.১ ডিগ্রি, লেহ-তে মাইনাস ৯.১ ডিগ্রি, কার্গিলে মাইনাস ১২.৩ ডিগ্রি ও জম্মুতে ৯.৩ ডিগ্রি। হাড় কাঁপানো ঠাণ্ডা থাকলেও, দুই কেন্দ্রশাসিত অঞ্চলে একটু চড়েছে তাপমাত্রার পারদ।
শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য্যের জন্য খ্যাতি নয় কাশ্মীরের, কাশ্মীরের আপেল কোনও অংশ কম নয়। কিন্তু, এবার তুষারপাতের জন্য ক্ষতি হয়েছে আপেল চাষের। অনেক বাগানে আপেলের গাছ ক্ষতি হয়েছে, গাছেই নষ্ট হয়েছে প্রচুর আপেল। ফলে মাথায় হাত কাশ্মীরের আপেল চাষিদের। উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের তুলনায় অধিক আপেল চাষ হয় কাশ্মীরে, কিন্তু এবার আপেল ক্ষতি হয় লোকসানের সম্মুখীন হতে হবে চাষিদের।



















