রেডিওগ্রাফার নিয়োগ, স্বাস্থ্য অধিকর্তাকে ডেপুটেশন বেকারদের

আগরতলা, ১৫ জানুয়ারি : পাঁচ বছরেরও অধিক সময় ধরে রেডিওগ্রাফার পদে রাজ্যে অজ্ঞাত কারণে নিয়োগ বন্ধ রয়েছে। ফলে হাসপাতালগুলিতে রেডিওগ্রাফারের শূন্যতা দেখা দিয়েছে। অথচ রাজ্যে পর্যাপ্ত সংখ্যক রেডিওগ্রাফার বেকার রয়েছেন। তারা বারবার নিয়োগের জন্য দাবি জানিয়ে আসছেন।


শনিবার রেডিওগ্রাফাদের এক প্রতিনিধি দল গোর্খাবস্তি স্থিত স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন। স্বাস্থ্য অধিকর্তা কাছে ডেপুটেশন প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, নিয়োগের দাবি নিয়ে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার দ্বারস্থ হয়েছেন রেডিওগ্রাফার প্রশিক্ষণ প্রাপ্ত বেকাররা। শনিবার তাদের এই দাবি নিয়ে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে তাদের বক্তব্য তুলে ধরেন।


তাদের বক্তব্য, ২০১৬ সালে রাজ্যে শেষ বারের মতো রেডিওগ্রাফার নিয়োগ করা হয়েছিল। তারপর থেকে এখনো পর্যন্ত রাজ্যে আর রেডিওগ্রাফার নিয়োগ করা হয়নি। তাই তারা অবিলম্বে নিয়োগের দাবিতেই এদিন দ্বারস্থ হন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে। তাদের অভিযোগ, যোগ্যতাসম্পন্ন রেডিওগ্রাফার থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগ করা হচ্ছে না। অবিলম্বে তাদেরকে নিয়োগ করা না হলে তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানিয়েছেন।