করোনার সংক্রমণের গতি আরও বাড়ল, ২৪ ঘন্টায় সংক্রমিত ৭৮৩ জন, একা পশ্চিম জেলা ৪৮৭

আগরতলা, ১২ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৮৩ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় সংক্রমণ আরও বেড়ে ৪৮৭ জন করোনা আক্রান্তের খোজ পাওয়া গেছে। নমুনা পরীক্ষা বৃদ্ধির সাথেই সংক্রমণের সংখ্যাতেও বড়সড় বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। দেশ জুড়ে ওমিক্রনের ভয়াবহতার মাঝে ত্রিপুরায় সংক্রমণের হার মারাত্মক বৃদ্ধি চিন্তা আরও বাড়িয়ে দিল। তবে সুস্থতা কিছুটা স্বস্তি দিচ্ছে। ১ জানুয়ারি থেকে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যায় ১৯৪৭ জনের বৃদ্ধি হয়েছে। তেমনি, সংক্রমণের হারে ৮.৪৯ শতাংশের বৃদ্ধি হয়েছে।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৮১৬ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৭৭১৫ জনকে নিয়ে মোট ৮৫৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৪৬ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৭৩৭ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ৭৮৩ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। দৈনিক সংক্রমণের হার একলাফে বেড়ে হয়েছে ৯.১৮ শতাংশ। গতকাল ৫৭৯ জনের দেহে নতুন করে করোনার সংক্রমণের খোজ মিলেছিল এবং দৈনিক সংক্রমণের হার ছিল ৭.০৯ শতাংশ।
এদিকে, সুস্থতা কিছুটা স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৭৪ জন করোনার সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ২০৪১ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৮৭২৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৮৪৩৬১ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার বেড়ে হয়েছে ৩.৯৪ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯৬.৭১ শতাংশ। এদিকে ০.৯৫ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় একজনেরও মৃত্যু না হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৮২৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, পশ্চিম জেলাই করোনা সংক্রমণে শীর্ষস্থান দখলে রেখেছে। শুধু তাই নয়, পশ্চিম ত্রিপুরা জেলায় পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৪৮৭ জন, উত্তর জেলায় ৪৮ জন, সিপাহীজলা জেলায় ৩৮ জন, দক্ষিণ জেলায় ৪২ জন, ধলাই জেলায় ৪৪ জন, ঊনকোটি জেলায় ৪৪ জন, খোয়াই জেলায় ৫২ জন এবং গোমতি জেলায় ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।


ত্রিপুরায় করোনার তৃতীয় ঢেউ ক্রমেই বিধ্বংসী রূপ নিতে শুরু করেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে গত জুন মাসে দৈনিক সংক্রমণ ৫০০ অতিক্রম করেছিল। তারপর ধীরে ধীরে প্রকোপ স্বাভাবিক হতে শুরু করেছিল। কিন্ত, ইংরেজি বছরের শুরুতেই করোনা মারাত্মক প্রভাব ফেলতে শুরু করেছে। অন্তত, আগামী ১৫ দিন এভাবেই করোনা প্রকোপ ছড়িয়ে যাবে বলে বিশেষজ্ঞরা অনুমান করছেন।