মুম্বই, ১০ জানুয়ারি (হি.স.) : এবার ভারতীয় শিবিরে করোনার হানা । দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত টিম ইন্ডিয়ার অন্দরমহলে নয়, করোনা আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজের দলে থাকা ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর । এর ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে খেলতে পারবেন কি না সেই নিয়ে প্রশ্ন উঠেছে। বুধবার দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ভারতীয় দলের।
২২ বছরের ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারতীয় দলের ১৮ সদস্যের একজন। কোভিড আক্রান্ত হওয়ায় সুন্দরের দক্ষিণ আফ্রিকা যাওয়া নিয়েই প্রবল অনিশ্চিয়তা তৈরি হল। এই মুহূর্তে হোম আইসোলেশনে রয়েছেন সুন্দর। সূত্রের খবর, মুম্বইতে রয়েছেন ওয়াশিংটন। তবে দলের বাকিদের সঙ্গে রয়েছেন কি না তা নিশ্চিত নয়। শেষ ১০ মাসে ভারতের হয়ে খেলতে নামেননি ওয়াশিংটন। বিজয় হজারে ট্রফিতে তামিলনাড়ুর হয়ে খেলেছেন তিনি। তার পরেই ভারতের হয়ে একদিনের দলে খেলার জন্য ডাক পান। যদিও করোনার কারণে তা সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে।
তবে এখনই তাঁর বদলে অন্য কারও নাম ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। কিছু দিন আগে করোনা আক্রান্ত হন ওয়াশিংটন। সেই জন্য আপাতত দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যাবেন না তিনি। লোকেশ রাহুলের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। ওয়াশিংটন ছাড়াও দলে স্পিনার হিসাবে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চহাল। আগামী ১৯ জানুয়ারি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ান ডে ম্যাচ। খেলা হবে পার্লের বোল্যান্ড পার্কে। দু’দিন পর এই মাঠেই দ্বিতীয় ওয়ান ডে। ২৩ জানুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ান ডে হবে কেপটাউনের নিউল্যান্ডসে। যে মাঠে তৃচীয় টেস্ট ম্যাচ খেলছেন বিরাট কোহলিরা।

