পানাজি, ১০ জানুয়ারি (হি.স.): বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গোয়ায় একের পর এক ধাক্কা খেয়েই চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মাইকেল লোবোর পর এবার মায়েমের বিধায়ক প্রবীণ জান্তে। সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রবীণ, কেন এই সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে এখনও পর্যন্ত মুখ না খুললেও, মনে করা হচ্ছে দলের প্রতি ক্ষোভের কারণেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রবীণ।
এর আগে সোমবারই বিজেপির সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিন্ন করেন মাইকেল লোবো। শুধু বিজেপিই ছাড়েননি, সোমবার গোয়ার মন্ত্রিসভা ও বিধায়ক পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। বিজেপির সঙ্গে সম্পর্ক শেষ করার পর মাইকেল লোবো জানান, “মনোহর পারিক্করের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম এমন কাউকে গোয়া বিজেপিতে দেখতে পাচ্ছি না, দলের যে সমস্ত কর্মীরা তাঁকে সমর্থন করেছিলেন তাঁদের উপেক্ষা করা হচ্ছে।”
বিজেপি ছাড়ার এই প্রবণতায় মোটেও আক্ষেপ নেই গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের। টুইটারে নিজের মনের ভাব ব্যক্ত করে প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টি একটি বড় পরিবার, এই দল পূর্ণ নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করছে। লোভ ও ব্যক্তিগত স্বার্থের এজেন্ডা পূরণের জন্য কিছু দলত্যাগ আমাদের সুশাসনের এজেন্ডাকে বাধাগ্রস্ত করতে পারে না।

