কলকাতা, ১০ জানুয়ারি (হি. স.) ছ কয়েকদিন আগেই মালদায় সীমান্তবর্তী লাঙ্গলভাঙা এলাকায় বিএসএফের ছোড়া গুলিতে আহত হয় এক বাংলাদেশি গরু পাচারকারী। মানবিকতা দেখিয়ে বিএসএফ তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ফের শুক্রবার ভারত-বাংলাদেশ সীমান্তে গরুপাচারকে কেন্দ্র করে গুলি চলল। বিএসএফ-পাচারকারীদের মধ্যে লড়াই শুরু হয়। শেষমেষ পাচারকারীদের আক্রমণ থেকে বাঁচতে গুলি চালায় বিএসএফ বলে অভিযোগ।
সোমবার এর প্রেক্ষিতে মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় টুইটারে লিখেছেন, “পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জ এবং হাবিবপুরে ইন্দো-বাংলা সীমান্তে বিএসএফ কর্মী এবং গবাদি পশু পাচারকারীদের মধ্যে তুমুল লড়াই হয়েছে। ১২ জন বিএসএফ আহত, এক দেশী পাচারকারী গুলিবিদ্ধ। বিএসএফের এক্তিয়ার ১০০ কিলোমিটার প্রশস্ত করার প্রয়োজনীয়তা প্রমাণ করে।“ প্রসঙ্গত, শীত পড়তেই কুয়াশা বেড়েছে রাতে। সেই সুযোগকে কাজে লাগিয়ে গরু পাচারের প্রবণতা বেড়ে গিয়েছে কাঁটাতার টপকে বলে খবর। বিশেষ করে কাঁটাতার হীন এলাকাগুলি দিয়ে পাচার হচ্ছে। বিএসএফ-এর নজরে পড়লেই বিপত্তি।

