জানুয়ারিতেই শীতের আমেজ উধাও, মঙ্গল থেকে বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, ১০ জানুয়ারি (হি.স.): ভরা শীতের মরশুমে এক্কেবারে উধাও শীতের আমেজ, জানুয়ারির শুরুতে এমন আবহাওয়ায় মন খারাপ শীতপ্রেমীদের। কলকাতায় সোমবার ফের চড়ল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। এদিন তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি বেশি। দিনের বেলায় শীতের আমেজ একটুও থাকছে না, রাতের দাপট কমে যাচ্ছে শীতের।

এমনিতেই শীত নেই, তার উপর মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে, আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। এই বৃষ্টির ফলে রাতে তাপমাত্রা কিছুটা কমবে। তবে ১৬ জানুয়ারি থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। আবহবিদরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে তাপমাত্রা আবার কিছুটা স্বাভাবিক হবে। কমতে পারে রাত ও দিনের তাপমাত্রা।