উত্তরপ্রদেশে সাত দফায় ভোট, প্রথম দফায় ভোট ১০ ফেব্রুয়ারি

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স) : উত্তরপ্রদেশে এবারের ভোট সাত দফায় ভোট সম্পন্ন হবে। প্রথম দফার ভোট ১০ ফেব্রুয়ারি। দ্বিতীয় দফায় ভোট হবে ১৪ ফেব্রুয়ারি। ওই দিন আবার উত্তরপ্রদেশের সঙ্গে পঞ্জাব, উত্তরাখণ্ড এবং গোয়াতেও ভোট হবে। ২০ ফেব্রুয়ারি তৃতীয় দফায় শুধু উত্তরপ্রদেশে ভোট। ২৩ ফেব্রুয়ারি চতুর্থ দফার ভোট। ২৭ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ মণিপুরে ভোট। ৭ মার্চ সপ্তম দফায় ভোট উত্তরপ্রদেশে। ১০ মার্চ পাঁচ রাজ্যের ভোটের ফল ঘোষণা।

শনিবার উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র জানিয়েছেন, কোভিডের তৃতীয় ঢেউ যখন মাথাচাড়া দিচ্ছে তখন নির্বাচনী প্রচারে একগুচ্ছ বিধি কমিশন বেঁধে দিয়েছে। জানিয়েছে, ১৫ জানুয়ারি পর্যন্ত কোনও বাইক মিছিল, মিটিং, পদযাত্রা করা যাবে না। জোর দেওয়া হয়েছে ভার্চুয়াল প্রচারে। কমিশন জানিয়েছে, প্রার্থীরা অনলাইনে মনোনয়ন পত্র জমা দিতে পারবেন।