প্রয়াত বিশাল দাদলানির বাবা, শোকে স্তব্ধ করোনা-আক্রান্ত সঙ্গীত পরিচালক

মুম্বই, ৮ জানুয়ারি (হি.স.): কোভিডে আক্রান্ত হওয়ায় এমনিতেই মানসিকভাবে হতাশ তিনি, এমতাবস্থায় আরও একটি দুঃসংবাদে স্তব্ধ গায়ক-সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি। বিশালের বাবা মোতি দাদলানি প্রয়াত হয়েছেন। ৭৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন বিশালের বাবা। গলব্লাডারের অস্ত্রোপচারের পর বিগত ৩-৪ দিন ধরে হাসপাতালের আইসিইউ-তে ছিলেন মোতি দাদলানি। শুক্রবার রাতে প্রয়াত হয়েছেন তিনি।

বিশাল জানিয়েছেন, গত রাতে আমার প্রিয় বন্ধু, পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং দয়ালু মানুষটিকে হারিয়েছি। জীবনে আমার বাবার থেকে ভাল আর কাউকে চাইতে পারতাম না। তাঁর থেকে ভাল শিক্ষক আর পাব না। শেষ ৩-৪ দিন ধরে তাঁর বাবা হাসপাতালের আইসিইউ-তে ছিলেন। কিন্তু শুক্রবার বিশাল কোভিড আক্রান্ত হওয়ায় বাবাকে দেখতে যেতে পারেননি। এই মুহূর্তে নিভৃতবাসে রয়েছেন তিনি। আক্ষেপ করে লিখেছেন, ‘এই কঠিন পরিস্থিতিতে মাকে ছুঁতে পর্যন্ত পারছি না। এটা ঠিক হল না। জানি না এই পৃথিবীতে বাবাকে ছাড়া কী ভাবে বাঁচব। আমি পুরোপুরি হারিয়ে গেলাম।