জম্মু, ৮ জানুয়ারি (হি.স.): তুষারপাতে অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠল জম্মু-কাশ্মীরের কাটরার মাতা বৈষ্ণোদেবী মন্দির। শনিবার সকালে কাশ্মীরের অন্যান্য প্রান্তের মতো মাতা বৈষ্ণোদেবী মন্দির চত্বরেও ভারী তুষারপাত হয়। সাদা বরফের চাদরে ঢেকে যায় রাস্তা, গাছ সবকিছুই। তুষারপাতের কারণে এদিন ব্যাটারি চালিত গাড়ি ও হেলিকপ্টার পরিষেবা বন্ধ রাখা হয়। ভারী তুষারপাতে এদিন সাদা বরফের চাদরে ঢেকে যায় জম্মু ও কাশ্মীরের গুলমার্গ, পহেলগাম সর্বত্রই। শ্রীনগরেও ভারী তুষারপাত হয়েছে। শ্রীনগর স্বর্গে পরিণত হয়েছে।
বৃষ্টি ও তুষারপাতের জন্য দুর্ভোগও হয়েছে। অবিরাম বৃষ্টি, তুষারপাত ও ভূমিধসের কারণে শনিবার বন্ধ রাখা হয় কাশ্মীরের সঙ্গে সমগ্র দেশের সংযোগকারী জম্মু-শ্রীনগর হাইওয়ে। হাইওয়ের উভয় দিকে দাঁড়িয়ে থাকে ৩ হাজারের বেশি যানবাহন। ট্র্যাফিকের পক্ষ থেকে জানানো হয়েছে, উধমপুর ও রামবান জেলায় অবিরাম বৃষ্টির কারণে বন্ধ রাখা হয়েছে শৃঙ্গ-জম্মু হাইওয়ে।

