ফের অসময়ের বৃষ্টি দিল্লিতে, তুষারপাতে উড়ান পরিষেবা বিঘ্নিত শ্রীনগরে

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): শীতের মরশুমে ফের অসময়ের বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। বৃষ্টি শুরু হয় শুক্রবার রাত থেকেই, শনিবার সকালে বৃষ্টির বেগ আরও বাড়তে থাকে। রাতভর ভারী বৃষ্টি হয় দিল্লির প্রায় সর্বত্রই। দিল্লি লাগোয়া গ্রেটার নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদেও বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিতে জল জমে যায় পূর্ব দিল্লির মান্ডাওয়ালি আন্ডারপাসে, বৃষ্টির জন্য দিল্লির মিন্টো রোডে ধীর গতিতে চলাচল করে যানবাহন।

বৃষ্টি ও তুষারপাত হয়েছে জম্মু ও কাশ্মীর ও হিমাচল প্রদেশেও। তুষারপাতের জন্য শনিবার সকালে শ্রীনগর বিমানবন্দরে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। তাই উড়ান চলাচল বিঘ্নিত হয়েছে। অবিরত তুষারপাতের কারণে শ্রীনগর বিমানবন্দরে দৃশ্যমানতা নেমে আসে ৫০০ মিটারে। এদিনই ভারী তুষারপাত হয়েছে শিমলা-সহ হিমাচল প্রদেশের বিভিন্ন প্রান্তে। বরফের চাদরে ঢাকা পড়েছে শিমলার রাস্তাঘাট।