পাকুর, ৫ জানুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের পাকুর জেলায় বাস ও গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে ৮ জন। ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পাকুর জেলার আমরাপাড়া থানার অন্তর্গত সালপাত্র গ্রামের কাছে। আহতদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে কয়েকজনকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ ইন্সপেক্টর মনোজ কুমার জানিয়েছেন, বুধবার সকালে পাকুর জেলার আমরাপাড়া থানার অন্তর্গত সালপাত্র গ্রামের কাছে যাত্রীবাহী বাস ও গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের মৃত্যু হয়েছে ৮ জনের এবং ১২ জন আহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বাসটি বারহারওয়া থেকে দুমকা অভিমুখে যাচ্ছিল, বিপরীত দিক থেকে আসছিল ট্রাকটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবে দুর্ঘটনাটি ঘটেছে।


















