News Flash

  • Home
  • Uncategorized
  • TTAADC : নতুন নিয়োগ নীতি আনবে এডিসি প্রশাসন, প্রশাসনিক জটিলতা নিয়ে উঠেছে প্রশ্ণ
Image

TTAADC : নতুন নিয়োগ নীতি আনবে এডিসি প্রশাসন, প্রশাসনিক জটিলতা নিয়ে উঠেছে প্রশ্ণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ নতুন নিয়োগ নীতি আনতে চলেছে ত্রিপুরা জনজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদ(টিটিএএডিসি)৷ জনজাতিদের জন্য ১০০ শতাংশ নিয়োগ সুনিশ্চিত করার লক্ষ্যেই নতুন নিয়োগ নীতি আনবে এডিসি প্রশাসন, এমনটাই জানালেন মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া৷ সাথে তিনি জানিয়েছেন, এডিসি-র মহিলা কর্মচারীদের জন্য ১ বছর সবেতন মাতৃত্বকালীন ছুটির সিদ্ধান্তও নেওয়া হয়েছে৷ প্রসঙ্গত, নতুন নিয়োগ নীতি এবং মহিলা কর্মচারীদের ১ বছর মাতৃত্বকালীন ছুটির সিদ্ধান্ত কার্যকরে প্রশাসনিক জটিলতা দেখা দেবে বলে অনুমান করা হচ্ছে৷ এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মার কথায়, সাংবিধানিক অধিকার মেনেই নতুন নীতি আনা হচ্ছে এবং মাতৃত্বকালীন ছুটি দেওয়ার ক্ষেত্রেও সংবিধানের এক্তিয়ারের মধ্যে থেকেই সিদ্ধান্ত হয়েছে৷ এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মার কথায়, সংবিধানে ১০০ শতাংশ সংরক্ষণের সুযোগ রয়েছে, এমনটা জানা নেই৷


আজ পূর্ণ চন্দ্র জমাতিয়া বলেন, এডিসি গঠনে ৩৭ বছর পূর্ণ হয়ে গেছে৷ অথচ, সুষ্ঠ নিয়োগ নীতি এখনো প্রণয়ন হয়নি৷ তাঁর দাবি, এডিসি প্রশাসনে জনজাতিদের চাকুরিতে অগ্রাধিকার দেওয়া উচিত৷ কিন্ত, রাজ্যের জনসংখ্যার গড় হিসেবে ৬৯ শতাংশ অ-জনজাতি কর্মচারী এডিসি প্রশাসনে কর্মরত রয়েছেন৷ তাঁর সাফ কথা, আমরা চাই আমাদের অধিকার প্রতিষ্ঠা হোক৷ সেক্ষেত্রে সংবিধান আমাদের সুযোগ দিয়েছে৷ তাঁর দাবি, সাংবিধানিক নিয়ম মেনেই নতুন নিয়োগ নীতি প্রণয়নে সিদ্ধান্ত হয়েছে৷ সে মোতাবেক খসড়া তৈরী করেছে প্রশাসন৷ আগামী এডিসি অধিবেশনেই নতুন নিয়োগ নীতির বিল পেশ করা হবে৷ সেখানে ওই বিল পাশ হওয়ার পর ত্রিপুরা মন্ত্রিসভা এবং রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হবে৷


এদিন তিনি আরও দাবি করেন, এডিসি প্রশাসনে কর্মরত মহিলা কর্মচারীদের ১ বছর সবেতন মাতৃত্বকালীন ছুটির সিদ্ধান্ত হয়েছে৷ এ-বিষয়েও পরিষদীয় অনুমোদনের ভিত্তিতেই ওই সিদ্ধান্ত কার্যকর করা যাবে৷ তবে, ওই সিদ্ধান্তও নতুন নিয়োগ নীতির অন্তর্গত থাকবে৷ ফলে, পরোক্ষে ওই সিদ্ধান্ত গ্রহণেও ত্রিপুরা মন্ত্রিসভা এবং রাজ্যপালের অনুমোদন প্রয়োজন হবে, এমনটাই মনে করা হচ্ছে৷
এডিসি প্রশাসনিক সুত্রে দাবি, স্ব-শাসিত জেলা পরিষদ গঠন হওয়ার পর থেকে নিজস্ব নিয়োগ নীতি ১৯৯৫ সাল পর্যন্ত মোটামুটি অনুসরণ করা হয়েছে৷ কিন্ত, এরপর থেকে ত্রিপুরা সরকারের নিয়োগ নীতি অনুসারেই কর্মচারী নিয়োগ এবং তাঁদের ডেপুটেশনে পাঠানো সহ যাবতীয় সমস্ত কিছুই কার্যকর হয়েছে৷ ১৯৯৩ সালে এমনই নিয়োগ নীতি তৈরী করে ত্রিপুরা মন্ত্রিসভা এবং রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল৷ কিন্ত, সেই ফাইল এখনো হিমঘরেই পড়ে রয়েছে৷ সূত্রের কথায়, এডিসি ত্রিপুরা সরকারের অর্থানুকুল্যে পরিচালিত হচ্ছে৷ সেক্ষেত্রে স্ব-শাসিত জেলা পরিষদ হলেই অধিকারের কিছু সীমাবদ্ধতা রয়েছে৷


নতুন নিয়োগ নীতি প্রসঙ্গে এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা বলেন, সংবিধান মেনে এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোন বাধা নেই৷ তবে, সুপ্রিম কোর্টের আদেশ মেনে সংরক্ষণে ৫০ শতাংশের অধিক দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা সত্ত্বেও শুধু মাত্র জনজাতিদের জন্য চাকুরী সুনিশ্চিত আদৌ সম্ভব হবে, সন্দেহ প্রকাশ করেছেন তিনি৷ তাঁর কথায়, ১০০ শতাংশ সংরক্ষণের সংবিধানে কোন অধিকার রয়েছে বলে জানা নেই৷ তবে, বাঁকা পথে নিয়োগে ওই সিদ্ধান্ত কার্যকর সম্ভব বলে দাবি করেন তিনি৷ তাঁর বক্তব্য, নিয়োগ নীতিতে ককবরক ভাষা এবং জনজাতি কৃষ্টি, সংসৃকতি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা বাধ্যতামূলক হলে সাধারণ শ্রেনীর প্রত্যাশীরা চাকুরিতে আবেদনে সমস্যা হবে৷ এক্ষেত্রে, ককবরক ভাষা জানা এবং জনজাতি সংসৃকতি সম্পর্কে ধারণা রয়েছে, সাধারণ শ্রেনীর ওই সকল প্রত্যাসীরাই চাকুরী পাবেন৷


স্বাভাবিকভাবে, জটিলতার মধ্যেই এডিসি প্রশাসন নতুন নিয়োগ নীতি প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে৷ নিয়োগ নীতিতে কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সাংবিধানিক অধিকার কিভাবে রক্ষিত হবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি৷ ফলে, আগামী এডিসি অধিবেশনের দিকেই তাকিয়ে থাকতে হবে৷ এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা জানিয়েছেন, আগামী ১৭ ডিসেম্বর থেকে অধিবেশন শুরু হবে৷ ২০ এবং ২১ ডিসেম্বর মোট তিনদিনের জন্য অধিবেশন বসবে৷ সম্ভবত অধিবেশনের প্রথম দিনেই ওই বিল আনবে এডিসি প্রশাসন, এমনটাই মনে করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top