নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর: তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী নীরমহল জল উৎসব আজ থেকে মেলাঘরের রাজঘাটে শুরু হয়েছে। এই উৎসব চলবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত। ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম, তথ্য ও সংস্কৃতি দপ্তর, সিপাহীজলা জিলা পরিষদ, মেলাঘর পুরপরিষদ, রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতি এবং সিপাহীজলা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উৎসবের আয়োজন করা হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলন করে এই উৎসবের উদ্বোধন করেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি ত্রিপুরার রাজন্য আমলে স্থাপিত ঐতিহ্যবাহী নীরমহলের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।
এছাড়া তিনি রুদ্রসাগরে অবস্থিত নীরমহল পর্যটন ক্ষেত্রকে রাজ্য, বহিরাজ্য ও বিদেশি পর্যটকদের কাছে আরও যাতে আকর্ষণীয় করে তোলা যায় সেই বিষয়ে গুরুত্বারোপ করেন এবং এই বিষয়ে তিনি রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, রুদ্রসাগরকে কেন্দ্র করে যাতে মৎস্যজীবীরা তাদের আর্থসামাজিক দিক দিয়ে মানোন্নয়নের পথে এগিয়ে যেতে পারে তারজন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যদিকে নীরমহল পর্যটন ক্ষেত্রে পর্যটকদের থাকার জন্য উন্নতমানের বন্দোবস্ত গড়ে তুলতে হবে। এতে এখানকার স্থানীয় মানুষদের রোজগারেরও সুবিধা হবে।
অনুষ্ঠানের সভাপতি উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেন, আমাদের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির একটা বড় উৎসব হলো নীরমহল জল উৎসব। নীরমহল কেবলমাত্র প্রাসাদ নয়, এটি হচ্ছে আমাদের জীবন ও পরিচয়। কেননা এখানকার জলাশয়কে কেন্দ্র করেই এখানকার জেলে পরিবারের জীবন ও জীবিকা অব্যাহত রয়েছে। এই জীবনকে ঘিরেই তৈরি হয়েছে এই অববাহিকার লোক সংস্কৃতি। ভাটিয়ালি গান, লোকগীতি, লোকসংগীত, লোকনৃত্য, লোকাচার ইত্যাদি। এসব কিছুর মধ্যেই রয়েছে নদীকেন্দ্রিক মানুষের জীবন।
অনুষ্ঠানে এছাড়াও আলোচনা করেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি তথা বিধায়ক বিন্দু দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক পরমেশ্বর দাস। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সহকারী সভাধিপতি পিন্টু আইচ, সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, মেলাঘর পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন গুরুপদ রায়, মোহনভোগ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস, সিপাহীজলা জিলা পরিষদের সদস্য প্রসেনজিৎ ঘোষ এবং সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় ছিলেন মেলাঘরের স্থানীয় শিল্পীরা।



















