নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্টেম্বর: প্রায় এক মাস আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন জম্পুইজলা ব্লকের উজান পাথালিয়া ঘাট এলাকার স্বামীহারা জনজাতি গৃহবধূ আইডিসরি মলসুম। অভিযোগ, গত ২৭ আগস্ট রাতে তাঁর ঘরে ঢুকে ধারালো দা দিয়ে কুপিয়ে তাঁকে হত্যার চেষ্টা করেন উদয়পুরের কিল্লা এলাকার বাসিন্দা ধন্যমোহন জমাতিয়া।
পরিবারের অভিযোগ, একটি বোলেরো গাড়ি আইডিসরি মলসুমের নামে লিখে দেওয়ার জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। কিন্তু তিনি তাতে রাজি না হওয়ায় ধন্যমোহন জমাতিয়া ধারালো দা দিয়ে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। হামলায় গুরুতর জখম হন আইডিসরি। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে আগরতলার জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে বাড়ি ফিরলেও ঘটনার আতঙ্ক কাটেনি আক্রান্ত গৃহবধূ ও তাঁর পরিবারের। পরিবারের দাবি, ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাঁদের অভিযোগ, প্রায় এক মাস ছয় দিন ধরে দুই থানার পুলিশ অভিযুক্তকে খুঁজলেও তিনি এখনও অধরা।
এদিকে, আজ আক্রান্ত মহিলার বাড়িতে যান বিশ্রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজিত দেববর্মা। সেখানে পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে সরাসরি প্রশ্ন তোলা হয়—এতদিন পেরিয়ে যাওয়ার পরও অভিযুক্তকে কেন গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না? পরিবারের দাবি, এই প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেনি পুলিশ।
পরিবারের আরও অভিযোগ, অভিযুক্ত বোলেরো গাড়ি নিয়ে পলাতক রয়েছেন। এতদিনেও তাঁকে গ্রেপ্তার করা না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আক্রান্তের পরিবার। তাঁদের প্রশ্ন, অভিযুক্তকে গ্রেপ্তারে এত দেরি কেন হচ্ছে এবং তাঁকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে কি না—তা খতিয়ে দেখা প্রয়োজন।
আক্রান্ত পরিবারের পক্ষ থেকে অবিলম্বে অভিযুক্ত ধন্যমোহন জমাতিয়াকে গ্রেপ্তার করে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি আক্রান্ত গৃহবধূ ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও পুলিশের কাছে আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।



















