নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: রাজ্য সরকার টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক বিশ্বজিৎ কলইয়ের এক প্রশ্নের লিখিত উত্তরে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, সংশ্লিষ্ট এলাকায় সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (সিজিডি) কার্যক্রম পরিচালনার জন্য পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারেল গ্যাস রেগুলেটরি বোর্ড (পিএনজিআরবি) এর পক্ষ থেকে এনইজিডিসিএল-কে জিওগ্রাফিক্যাল এরিয়া অনুমোদন প্রদান করা হয়েছে।
প্রাথমিকভাবে সিএনজি স্টেশন দুটির জন্য গ্যাসের উৎস হিসেবে আইজিজিএল পাইপলাইন থেকে গ্যাস সরবরাহের পরিকল্পনা করা হয়েছে। তবে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে এনইজিডিসিএল নিকটবর্তী অন্য কোনও গ্যাসের উৎস থেকে গ্যাস সংগ্রহের বিষয়টি চিন্তাভাবনা করে এ বিষয়ে গেইলের সঙ্গে যোগাযোগ করা হলে গেইল তাদের গ্যাস পাইপলাইনের আনন্দনগর আউটপুট পয়েন্ট থেকে গ্যাস সরবরাহ করতে সম্মতি প্রদান করেছে। প্রস্তাবিত সিএনজি স্টেশন দুটি ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে চালু হয়ে যাবে বলে শিল্পমন্ত্রী আশা প্রকাশ করেছেন।


















