আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী বর্ষণের ফলে বলদাখালসহ বিভিন্ন এলাকার নদী ও খালের জলস্তর হঠাৎ বেড়ে যায়। এর জেরে জলমগ্ন হয়ে পড়ে একাধিক বাড়িঘর ও আশপাশের এলাকা।
বন্যার জলে প্লাবিত হয়েছে বাড়িঘরের পাশাপাশি গবাদি পশুর স্থানও। একইসঙ্গে আড়ালিয়া, পঞ্চবটি ও বাজার সংলগ্ন এলাকাতেও জল ঢুকে পড়ে। ফলে দুর্ভোগে পড়েন এলাকার সাধারণ মানুষ। ইতিমধ্যেই শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন জলমগ্ন এলাকার জনগণ। প্রশাসনের তরফে জলমগ্ন এলাকা থেকে জনগণদের উদ্ধার কার্য চালানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রবল বৃষ্টির পর জল দ্রুত বাড়তে থাকায় অনেকেই সমস্যার মধ্যে পড়েন। বাড়িঘর ও রাস্তাঘাট জলমগ্ন হওয়ায় স্বাভাবিক জনজীবনও ব্যাহত হয়। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বন্যা পরিস্থিতির দিকে নজর রয়েছে জেলা প্রশাসনের। প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছে প্রশাসন।
























