আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ মাশুল বৃদ্ধি এবং সরকারের ঘোষিত ভর্তুকি নিয়ে রাজ্য সরকারের অবস্থানকে প্রশ্নের মুখে দাঁড় করালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তাঁর দাবি, বিদ্যুৎ মাশুল নিয়ে সরকারের সাম্প্রতিক ঘোষণা এবং পূর্বের অবস্থানের মধ্যে স্পষ্ট অসঙ্গতি রয়েছে।
আশীষ কুমার সাহা বলেন, কিছুদিন আগেও বিদ্যুৎ মন্ত্রী দাবি করেছিলেন, বিদ্যুতের মাশুল বৃদ্ধি বা নতুন চার্জ আরোপের বিষয়টি রেগুলেটরি কমিশনের আওতাধীন এবং এ ক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের কোনও ভূমিকা নেই। তাঁর অভিযোগ, এর মাধ্যমে বিদ্যুৎ দপ্তর ও সরকার দায়িত্ব এড়িয়ে গিয়েছিল।
প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, বর্তমানে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এবং বিষয়টি গণআন্দোলনের রূপ নিয়েছে। কংগ্রেস গত কয়েক মাস ধরে এই ইস্যুতে সরকারের কাছে অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়ে আসছে বলেও জানান তিনি।
আশীষ কুমার সাহার অভিযোগ, পরিস্থিতি বুঝতে পেরে সরকার এখন ভর্তুকির নামে ১০০ কোটি টাকা বহনের ঘোষণা করেছে। তাঁর প্রশ্ন, সাধারণ মানুষের কাছ থেকে বাড়তি মাশুলের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার পর এখন ভর্তুকির ঘোষণা কেন? একই সঙ্গে এই ঘোষণাকে কেন্দ্র করে শাসক দলের তরফে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, বিদ্যুৎ মাশুলের ক্ষেত্রে মোট কত টাকা প্রয়োজন এবং সরকারের ঘোষিত ১০০ কোটি টাকার ভর্তুকি দিয়ে কতটা আর্থিক স্বস্তি দেওয়া সম্ভব হবে, তা স্পষ্ট নয়। ভর্তুকির অর্থ কীভাবে দেওয়া হবে, কারা এই সুবিধা পাবেন এবং কীভাবে তা বাস্তবায়িত হবে—এই বিষয়গুলি সরকারকে পরিষ্কার করতে হবে বলে দাবি করেন তিনি।
আশীষ কুমার সাহার বক্তব্য, সরকারের ঘোষণার বাস্তবায়ন পদ্ধতি এবং সাধারণ গ্রাহকরা প্রকৃতপক্ষে কতটা স্বস্তি পাবেন, তা স্পষ্ট না হওয়া পর্যন্ত কংগ্রেসের পক্ষে এই বিষয়ে চূড়ান্ত মূল্যায়ন করা সম্ভব নয়।
তিনি বলেন, আগে সরকার কীভাবে ভর্তুকি প্রদান করে এবং সাধারণ মানুষ কীভাবে এর মাধ্যমে আর্থিক স্বস্তি পান, তা দেখা হবে। এরপরই বিদ্যুৎ মাশুল ইস্যুতে কংগ্রেসের পরবর্তী অবস্থান জানানো হবে।



















