আগরতলা, ২২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া বাজারে কলসীরমুখ ভিলেজের চেয়ারম্যান ও মাংস ব্যবসায়ী কাইসোরাম রিয়াংকে দুই যুবক মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বাইখোড়া সবজি বাজারে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।
ঘটনার বিবরণে জানা যায়, মাংস নিয়ে বাইখোড়া বাজারে যাওয়ার পথে পেছন থেকে দুই যুবক অতর্কিতভাবে তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। আক্রান্তের দাবি, দুই যুবক বিজন ও সুজন তাঁকে মারধর করে গুরুতরভাবে আহত করে। এমনকি তাঁকে প্রাণে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
আহত অবস্থায় কোনওরকমে নিজের প্রাণ বাঁচিয়ে বাইখোড়া থানায় গিয়ে বিষয়টি জানান কাইসোরাম রিয়াং। পরে পুলিশ তাঁকে চিকিৎসার জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন।
আহত কাইসোরাম রিয়াংয়ের দাবি, লক্ষ্মীছড়া বাজারে ব্যবসায়িক জায়গা নিয়ে বিজন বনিয়কের সঙ্গে তাঁর আগে কথাকাটাকাটি হয়েছিল। সেই বিরোধের জেরেই তাঁর উপর হামলা চালানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।
ঘটনার বিষয়ে বাইখোড়া থানার পুলিশের কাছে অভিযোগ জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আক্রান্ত ব্যক্তি। একই সঙ্গে সংবাদমাধ্যমের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি করেন তিনি।
এখন দেখার বিষয়, কাইসোরাম রিয়াংয়ের অভিযোগের ভিত্তিতে বিজন ও সুজনের বিরুদ্ধে বাইখোড়া থানার পুলিশ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।



















