আগরতলা, ২১ আগস্ট: আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ সদস্যদের পুনর্বাসন সংক্রান্ত দাবি-দাওয়া রাজ্য সরকার পূরণ করছে না—এই অভিযোগে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার রাজ্যব্যাপী বন্ধের ডাক দিয়েছেন আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ -এর নেতৃত্ব।
শুক্রবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়। একইসঙ্গে আগামী ৪ সেপ্টেম্বর চুরাইবাড়ি, আসাম-আগরতলা সড়ক এবং ভারত-বাংলাদেশ সীমান্তের আখাউড়া রোডসহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করা হবে বলেও জানানো হয়েছে।
সাংবাদিক সম্মেলনে আত্মসমর্পণকারী এন এল এফ টি -এর পরিমল দেববর্মা, প্রসেনজিৎ দেববর্মাসহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।
আত্মসমর্পণকারী সদস্যদের অভিযোগ, আত্মসমর্পণের পর সরকার তাঁদের পুনর্বাসন এবং আর্থিক প্যাকেজ বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা এখনও সম্পূর্ণভাবে কার্যকর করা হয়নি। দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি জানানো হলেও সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তাঁরা।
নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, দাবি পূরণ না হলে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার বন্ধ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। এর ফলে রাজ্যের জনজীবন ও যান চলাচলে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
উল্লেখ্য, আত্মসমর্পণকারী সদস্যদের পুনর্বাসন ও আর্থিক প্যাকেজ বাস্তবায়নের দাবিতে এর আগেও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। চলতি বছরের জুন মাসেও একই দাবিতে ৭২ ঘণ্টার রাজ্যব্যাপী বন্ধ এবং সড়ক ও রেল অবরোধের ঘোষণা করা হয়েছিল।
এবারের ঘোষিত কর্মসূচি নিয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ গ্রহণ করে এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান হয় কি না, এখন সেদিকেই নজর রয়েছে।



















