নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ আগস্ট: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলোনিয়ার গাবতলী এলাকায় বিপুল পরিমাণ শাড়ি ও অন্যান্য পোশাক উদ্ধার করল পুলিশ ও বিএসএফ। ঘটনায় প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের সামগ্রী ও দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে অন্ধকারের সুযোগ নিয়ে গাড়ির চালকরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রসেনজিৎ গোপ ও এসআই রূপসাধন জমাতিয়ার নেতৃত্বে পুলিশকর্মীরা ৪৩ নম্বর ব্যাটালিয়ন বিএসএফের সিদ্ধিনগর বিওপির জওয়ানদের সঙ্গে নিয়ে গাবতলী এলাকায় যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন।
সেই সময় নিহারনগরের দিক থেকে সিদ্ধিনগরের দিকে আসা দুটি গাড়ি পুলিশের নজরে আসে। গাড়ি দুটির নম্বর টিআর – ডি – ০৬৩৫ এবং টিআর – ০৮ – এ- ০৬৬৫। পুলিশ ও বিএসএফের পক্ষ থেকে গাড়ি দুটিকে থামার সংকেত দেওয়া হলেও চালকরা সেই নির্দেশ অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এরপর পুলিশ ও বিএসএফ সদস্যরা গাড়ি দুটির পিছু ধাওয়া করেন। কিছুক্ষণ পর একটি নির্জন এলাকায় গাড়ি দুটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে গাড়ির চালকরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৬০০টি শাড়ি ও অন্যান্য পোশাক-সহ ১৬টি বান্ডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পোশাক সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা বলে জানা গেছে। পাশাপাশি দুটি গাড়ির আনুমানিক মূল্যও প্রায় ৮ লক্ষ টাকা।
সব মিলিয়ে উদ্ধার হওয়া পোশাক ও দুটি গাড়ির মোট আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, উদ্ধার হওয়া পোশাক সামগ্রী ও দুটি গাড়ি বিএনএস-এর ১০৬ ধারার অধীনে বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়ি দুটির চালক ও এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রী কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।



















