আগরতলা, ১১ আগস্ট: বাড়িঘরে যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে জলের নিচে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুরাই শিববাড়ি পঞ্চায়েত সংলগ্ন উত্তর পাড়ার ছয়টি পরিবার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টির জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় গত চার মাস ধরে রাস্তার উপর জল জমে রয়েছে।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, দুরাই শিববাড়ি পঞ্চায়েত সংলগ্ন এলাকায় উত্তর পাড়ার বাসিন্দাদের বাড়িঘর থেকে মূল সড়কে যাওয়ার একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে জলমগ্ন। উঁচু-নিচু টিলা এলাকা থেকে বৃষ্টির জল গড়িয়ে এসে সমতল এলাকায় জমা হচ্ছে। সেই জল রাস্তা, পুকুর এবং ধীরে ধীরে স্থানীয় বাসিন্দাদের বাড়ির উঠানেও ঢুকে পড়ছে।
এদিকে দীর্ঘদিন ধরে জমে থাকা জলে পচা আবর্জনা মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে। জলমগ্ন রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন শিশু, বয়স্কসহ সাধারণ মানুষ। জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়াও কার্যত কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ বাসিন্দাদের।
স্থানীয়দের দাবি, জমে থাকা জল দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা হোক এবং যাতায়াতের রাস্তাটি স্থায়ীভাবে সংস্কার করা হোক। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন দুরাই শিববাড়ি পঞ্চায়েত সংলগ্ন উত্তর পাড়ার ছয় পরিবারের বাসিন্দারা।



















