তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। সোমবার রাতে তেলিয়ামুড়া চাকমাঘাটের মহারানীপুর এলাকায় ঘটে এই দুর্ঘটনা।
জানা গেছে, একটি বাইকে করে দুই যুবক মহারানীপুর এলাকার দিকে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারেন। সংঘর্ষের জেরে বাইকে থাকা দুই যুবকই গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা। তাঁরা আহত দুজনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা কার্তিক মজুমদার নামে এক যুবককে মৃত বলে ঘোষণা করেন।
অন্য আহত যুবকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
























