আগরতলা, ১০ আগস্ট: উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ত্রিপুরার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুরে গড়ে উঠছে অত্যাধুনিক ফার্মেসি কলেজ। প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকা বিনিয়োগে নির্মীয়মাণ এই কলেজটি এলাকার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি স্থানীয়ভাবে কর্মসংস্থানেরও নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
সোমবার চন্দ্রপুরে নির্মীয়মাণ প্রস্তাবিত ‘মাইলস্টোন’ কলেজের নির্মাণস্থল পরিদর্শন করেন মাতাবাড়ির বিধায়ক অভিষেক দেবরায়। কলেজ কর্তৃপক্ষের আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি নির্মাণকাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
মাতাবাড়ি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, উচ্চশিক্ষার জন্য যাতে এলাকার ছাত্রছাত্রীদের অন্যত্র যেতে না হয়, সেজন্য স্থানীয়ভাবে একটি কলেজ প্রতিষ্ঠা করা হোক। বিধায়ক অভিষেক দেবরায় জানান, কয়েক মাস আগে একটি বহিরাগত সংস্থা চন্দ্রপুরে এই ধরনের একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করে। এরপরই প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়।
পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, ‘মাইলস্টোন’ একটি আধুনিক ফার্মেসি কলেজ হিসেবে গড়ে তোলা হচ্ছে। এখানে ডিপ্লোমা ইন ফার্মেসি, মাস্টার অব ফার্মেসি সহ বিভিন্ন কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে।
প্রায় ১ লক্ষ ১৮ হাজার ৯০০ বর্গফুট এলাকা জুড়ে কলেজটির নির্মাণকাজ চলছে। এখনও পর্যন্ত প্রকল্পে আনুমানিক ৬০ থেকে ৭০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক মানের পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যেই নির্মাণকাজ এগিয়ে চলছে। আগামী দিনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার হাতে কলেজটির উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে।
অভিষেক দেবরায় আশা প্রকাশ করেন, ‘মাইলস্টোন’ ফার্মেসি কলেজ আগামী দিনে দেশের সেরা পাঁচটি ফার্মেসি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নিতে সক্ষম হবে। এই প্রতিষ্ঠান চালু হলে মাতাবাড়ি ও আশপাশের এলাকার ছাত্রছাত্রীরা বাড়ির কাছেই মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ পাবেন।
একইসঙ্গে নতুন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় মানুষের জন্য বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে আশা প্রকাশ করেন বিধায়ক। ফলে শিক্ষা প্রসারের পাশাপাশি এই প্রকল্প এলাকার আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
























